রবি-এয়ারটেল মিলে রবি

নিউজ ডেস্ক:
দেশের দুই মোবাইল অপারেটর রবি ও এয়ারটেল একীভূতকরণের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একীভূতকরণের পর দুই কোম্পানি রবি নামেই ব্যবসা পরিচালনা করবে। আজ বৃহস্পতিবার রবি ও এয়ারটেলের পাঠানো এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রবি-এয়ারটেলের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতের এয়ারটেলের মধ্যে আজ এই চুক্তি হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ চুক্তির কার্যকারিতা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (বিটিআরসি), সরকার এবং আদালতের অনুমোদন পাওয়ার ওপর নির্ভরশীল বলে উল্লেখ করে এ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুই কোম্পানির তরফ থেকে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার সম্ভাবনার বিষয়টি ঘোষণা দেওয়ার পর এই চুক্তি হল। চুক্তি সম্পাদনের ফলে শেয়ার মূলধনের পুনর্বিন্যাস হবে এবং এতে আজিয়াটা একীভূত সত্তার ৬৮ দশমিক ৩ শতাংশ নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে ভারতি ২৫ শতাংশ এবং বাকি ৬ দশমিক ৭ শতাংশ অপর শেয়ারহোল্ডার জাপানের এনটিটি ডকোমোর কাছে থাকবে।

রবির প্রধান নির্বাহী সুপুন বীরাসিংহে বলেন, বাংলাদেশের বর্তমান অসম প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগী বহুল টেলিকমিউনিকেশন খাতে একীভূতকরণ অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মনে করি এই একীভূতকরণের মাধ্যমে আজিয়াটা এবং ভারতি এয়ারটেল উভয়েই বর্ধিত আকার এবং দক্ষতার ফলশ্রুতিতে ব্যয় সংকোচনের সুবিধা পাবে।

আজিয়াটার প্রেসিডেন্ট এবং গ্রুপের প্রধান নির্বাহী দাতোশ্রী জামালুদ্দিন ইব্রাহিম বলেন, আজিয়াটার একীভূতকরণ এবং আত্মীকরণ কৌশলের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন দেশে আমরা নিজেদের অবস্থান জোরদার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে সর্বোচ্চ মনোযোগ দিয়েছি। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং ক্যাম্বোডিয়ার মতো বাজারে এ ধরনের একীভূতকরণ এবং আত্মীকরণে আমাদের সাফল্য বাংলাদেশের বাজারেও যৌক্তিকতা প্রমাণ করে।

ভারতি এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও (ভারত ও দক্ষিণ এশিয়া) গোপাল ভিত্তাল বলেন, দুটি কোম্পানির শক্তিকে একত্রিত করার পেছনে অত্যন্ত যৌক্তিক কারণ রয়েছে। একীভূত এই সত্তা তার কার্যক্রমের সমন্বয় ঘটিয়ে গ্রাহকদের বিশ্বমানের আরো ভালো সেবা দিতে সক্ষম হবে এবং বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে অবদান রাখতে পারবে।

ব্যবসা একীভূত করার অনুমতি চেয়ে গত সেপ্টেম্বরে বিটিআরসিতে যে চিঠি দিয়েছিল রবি ও এয়ারটেল তাতে বলা হয়েছিল, একীভূত হওয়ার পর ৭৫ শতাংশ শেয়ার থাকবে মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ ও এনটিটি ডকোমার কাছে। আর বাকি ২৫ শতাংশ শেয়ার থাকবে ভারতি এয়ারটেলের কাছে।

  •  
  •  
  •  
  •