বড়াইগ্রামে আওয়ামীলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে দুইটি হত্যা মামলার আসামী আবু রায়হান নামের এক ইউনিয়ন আওয়ামীলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামের এক আমবাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। আবু রায়হান কামারদহ গ্রামের জাহেদ আলী মোল্লার ছেলে ও মাঝগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ বাহিমালী গ্রামের মকবুল হোসেনের ছেলে জাহিদকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে স্থানীয়রা বাহিমালী গ্রামের একটি আম গাছের সাথে পা বাঁধা অবস্থায় আবু রায়হানের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে আবু রায়হান তার গ্রামের বাড়ি কামারদহে যান। পরে রাত ৮ টার দিকে বাহিমালী গ্রামে তার নিজ বাড়িতে রওনা হন। এরপর রাতে তার আর কোন খবর পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পুলিশ জানায় আবু রায়হানের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় দুইটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে রায়হানকে কেউ হত্যা করে আমগাছের ডালে ঝুলিয়ে রেখেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মামলা হলে তদন্ত করে ঘটনার সঠিক কারন নির্নয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

