বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা’কে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে
নিউজ ডেস্কঃ
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ২টার দিকে হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ৯৬ বছর বয়সী মালেকা বেগম বার্ধক্য জনিত ও কিডনি সমস্যায় ভুগছেন।
এর আগে মালেকা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৯৬ বছর বয়সী মালেকা বেগম হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ভিআইপি কেবিনে বর্তমানে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন বুধবার জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। তার কিডনি রোগসহ নানা সমস্যাও দেখা দিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন এ চিকিৎসক।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে অধ্যক্ষ মো. সেলিম জানান, তার দাদির হাত-পা ফুলে গেছে। মঙ্গলবার হঠাৎ করে তার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দুপুরে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসা দেয়া প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এ ব্যয় বহনের সামর্থ্য নেই। তাই প্রধানমন্ত্রীর কাছে এ বীরমাতার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।

