নাটোরে সামাজিক বনায়নের গাছ বিক্রিতে অনিয়ম
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের তেবাড়িয়া এলাকায় সামাজিক বনায়নের ২৬৬টি গাছ বিক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এমন অনিয়মের কারনে শনিবার বিকেলে সুবিধাভোগিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কাটা বন্ধ করে দেয়।
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাকি গাছগুলো কাটা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। তবে বন বিভাগের কর্মকর্তারা দাবী করেছেন নিয়ম মেনেই টেন্ডারের মাধ্যমে গাছগুলো বিক্রয় করা হয়েছে।
সরেজমিনে গিয়ে বৃক্ষরোপন ও পরিচর্যাকারীদের কাছে জানা গেছে প্রায় ১৩ বছর পূর্বে সামাজিক বনায়নের আওতায় অংশীদারিত্বের ভিত্তিতে নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের বুড়িরভাগ বটতলা থেকে কাফুরিয়া ইউনিয়নের রামপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের পাশে স্থানীয়রা গাছ লাগান। এর মধ্যে ২৬৬ টি গাছ কাটার উপযোগী হয়। নিয়ম অনুযায়ী এই গাছের মালিক বৃক্ষ রোপন ও পরিচর্যাকারী দরিদ্র জনগণ, ইউনিয়ন পরিষদ ও বনবিভাগ। মেয়াদ শেষে গাছগুলি সবার মতামতের ভিত্তিতে টেন্ডারের মাধ্যমে বিক্রয় করার কথা। কিন্তু অভিযোগ এসেছে নিয়ম না মেনে কারো সাথে আলোচনা না করেই নামমাত্র মূল্যে গোপনে মাত্র আড়াই লাখ টাকায় ওই ২৬৬টি গাছ বিক্রি করে দেয় বন বিভাগের কর্মকর্তারা। তাদের দাবী গাছগুলোর প্রকৃত মূল্য এর চাইতে অনেক বেশী। কমমূল্য ও গোপনে গাছ বিক্রির ঘটনায় বঞ্চিত সুফলভোগিরা শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন।
এ ব্যাপারে তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, টেন্ডার হওয়ার বিষয়ে তাকে এবং পার্শ্ববর্তী কাফুরিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে কিছু জানানো হয়নি। এমনকি জমির মালিক ও সুবিধাভোগিদেরও কিছু জানানো হয়নি বলে অভিযোগ এসেছে। তিনি দাবী করেন সুবিধাভোগিরা যেন তাদের প্রকৃত মূল্য পায়।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়েরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দরপত্রের মূল্য সন্তোষজনক কিনা বা কোন অনিয়ম হয়েছে কিনা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তদন্তের আগে গাছ কাটা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ তার বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানান, বিধি অনুযায়ী দরপত্র আহবান করে সর্Ÿোচ্চ দরদাতার নিকটেই গাছ বিক্রি করা হয়েছে। এতে কোন অনিয়ম হয়নি।
তবে সংশ্লিষ্ঠরা দাবী করেছেন, প্রকৃত সুফলভোগিদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনের।

