শিগগির রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন: আইজিপি
সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি:
রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন করতে যাবতীয় প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম। সোমবার রংপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা/২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শহীদুক হক বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ায় এগুচ্ছে। এ সংক্রান্ত আইন তৈরী করে সংসদে দেয়া হয়েছে। সংসদে আইনটি পাশ হলেই রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর মেট্রোপলিটন পুলিশ উদ্বোধন করবেন বলেও তিনি জানান।
রংপুরে জাপানী নাগরিক হোসি কুনিও হত্যার তদন্তে অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, জাপানী নাগরিক হত্যার মূলহোতা সনাক্ত হয়েছে। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। পুরো তদন্ত শেষ হলেই চার্জশীট প্রদান করা হবে।
রংপুরে সাংবাদিক উৎস রহমান হত্যাসহ দেশব্যাপী সাংবাদিক হত্যার ঘটনাগুলো পুলিশ গুরত্বসহকারে তদন্ত করছে জানিয়ে এসময় শহীদুল হক বলেন, যারা এসব হত্যার সাথে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুনাক সভানেত্রী শামসুন্নাহার রহমান।
অন্যান্যের মধ্যে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর পিপিএম, রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম সহ বিভাগের অন্যান্য জেলার পুলিশ সুপারবৃন্দ, কমিউনিটি পুলিশিং নেতৃবন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও পুলিশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন করা হয়।

