কুড়িগ্রামে ২ মণ ২৩ কেজি গাঁজা উদ্ধার
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের একটি চরের কলা বাগান ও গম ক্ষেত থেকে অভিযান চালিয়ে ফুলবাড়ী থানা পুলিশ ২ মণ ২৩ কেজি গাঁজা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম রেজা নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চর পূর্ব ধনিরাম গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামে চরের একটি কলা বাগান ও গম ক্ষেত থেকে ৯টি প্যাকেটে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত গাঁজা ফুলবাড়ী থানায় নিয়ে আসা হলে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম ও এএসপি সার্কেল মাসুদ আলম থানায় উপস্থিত হন। তাদের উপস্থিতিতে ওজন করা হলে উদ্ধারকৃত গাঁজার পরিমান ১০৩ কেজি হয়। প্রতি কেজি গাঁজার মুল্য ১০ হাজার টাকা হিসাবে উদ্ধারকৃত গাঁজার মোট মুল্য ১০ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ফুলবাড়ী থানায় পলাতক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল ইসলাম জানান, তিনি কুড়িগ্রামে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। মাদক নিয়ন্ত্রণে যা কিছু পদক্ষেপ নেয়ার আছে তিনি তা যথাযথ গ্রহণ করবেন।

