ঝিনাইদহ হাসপাতাল নির্মাণ কাজ ঝুলে আছে ১০ মাস
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঠিাকাদারদের পাল্টাপাল্টি অভিযোগে ঝিনাইদহ সদর হাসপাতালের আড়াই’শ শয্যার নির্মান কাজ ১০ মাস ধরে ঝুলে আছে। গত বছরের এপ্রিল মাসে ৪২ কোটি টাকার টেন্ডার হলেও এ পর্যন্ত কারো পক্ষে কার্যাদেশ দেওয়া হয়নি। টেন্ডারের ফাইলটি এখন স্বাস্থ্য মন্ত্রনালয়ে পড়ে আছে।
ঝিনাইদহ গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল আমিন টেন্ডার ঝুলে থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ২০১৫ সালের এপ্রিল মাসে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান প্রকল্পের আওয়তায় ৪২ কোটি টাকা ব্যায়ে ঝিনাইদহ সদর হাসপাতাল নির্মান কাজের টেন্ডার আহবান করা হয়। বিশ্ব ব্যাংক এ কাজের অর্থায়ন করছে। এরপর অংশ গ্রহনকারী একজন ঠিকাদার টেন্ডার ফরমে রেট কোট কাটার অভিযোগ করেন। এ নিয়ে অনেক দেনদরবার হয়ে টেন্ডারের ফাইলটি এখন মন্ত্রনালয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলে তিনি জানান।
তবে অভিযোগ উঠেছে, রেট কোট কাটাকাটির পাশাপাশি অর্থের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে বিষয়টির কোন সুরাহা হচ্ছে না। প্রভাবশালী রাজনীতিবিদরা এ টেন্ডারের সাথ যুক্ত থাকায় টেন্ডারের কার্যাদেশ দেওয়া যাচ্ছে না।
এদিকে হাসপাতালের নির্মান কাজ শুর না হওয়ায় অতিরিক্ত ভর্তি রোগীর চাপে হাসপাতালের চিকিৎসার পরিবেশ বিনষ্ট হচ্ছে। রোগীদের শয্যা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ১০০ বেডের হাসপাতালে প্রতিদিন ২০০ রোগী ভর্তি জচ্ছেন। জটিল রোগীও মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
ঝিনাইদহেন সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম জানান, একই সাথে টেন্ডার আহবান করে চুয়াডাঙ্গা ও মাগুরা হাসপাতালের কাজ শেষের পথে। অথচ ঝিনাইদহ সদর হাসপাতালের নির্মান কাজ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, কার্যাদশে দিয়ে কাজ শুরু হলে রোগীরা উপকৃত হতেন। ৪২ কোটি থেকে ৪৮ কোটি টাকায় নির্মান কাজটি উন্নীত করা হচ্ছে বলেও তিনি জানান।

