বিলুপ্ত ছিটমহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে ও বিলুপ্ত ছিটমহলগুলোতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
রাত ১২টা ১ মিনিটে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পষ্পস্তাবক অর্পনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। পরে একে একে পুষ্পস্তাবক অর্পন করেন জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ প্রশাসক, পৌরসভা মেয়র ও উপজেলা পরিষদ ও প্রেস ক্লাব কুড়িগ্রামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সুর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন, সকাল ৮টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।
সন্ধায় একুশে বই মেলা মঞ্চে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শেখ ইউসুফ হারুন বিলুপ্ত ছিট মহল দাশিয়ারছড়ার বাসিন্দাদের সাথে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। র্যালী শেষে তিনি ফুলবাড়ী উপজেলার অধুনালুপ্ত দাশিয়ারছড়া ছিটমহলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে শেষে সেখানকার বাসিন্দাদের সাথে কালিরহাট বাজারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্যে রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, ফুলবাড়ী ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ-ভারত ছিট বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাবেক সভাপতি মোঃ মইনুল হক, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান প্রমূখ।
বিলুপ্ত ছিটের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯টি মসজিদে মিলাদ-মাহফিল, ৩টি মন্দিরে বিশেষ প্রার্থনা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। মতবিনিময় সভায় শেখ ইউসুফ হারুন বলেন, চলতি বছর বিলুপ্ত ছিটমহল উন্নয়নে একনেক বৈঠকে ১৮১ কোটি টাকার অনুমোদন দেয়া হয়েছে।

