মামুনুল হক ৭ দিনের রিমান্ডে
নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ড শুনানি শেষে তার সাতদিনের মঞ্জুর করেন।
সকাল সোয়া ১১টার দিকে মামুনুলকে নিয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) গাড়ি আদালত চত্বরে পৌঁছায়। এরপর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মামুনুলকে সাতদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে ডিবি পুলিশ।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ২০২০ সালে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি হামলা ও নাশকতার মামলায় মামুনুলকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার সাতদিনের রিমান্ড আবেদন করা হয়।

