হিন্দু ধর্মগুরু হত্যার প্রতিবাদ এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নাটোরে মানববন্ধর
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ ও হিন্দু ধর্মগুরু যোগেশ্বর রায়কে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নাটোরে মানববন্ধর করেছে বিভিন্ন সংগঠন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র-যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক নগেন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুশান্ত ঘোষ, খগেন রায়, ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী, সদস্য তনুশ্রী দাস, জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, আদিবাসী নেতা নরেশ ওরাওসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন দেশের কোথাও কি মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারবে না। বাড়ীতে নিরাপত্তা নাই, রাস্তায় নিরাপত্তা নাই। এমনকি ধর্মীয় উপাসনালয়েও নিরাপত্তা নাই। অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের নাগরিকের নিরাপত্তা নেই। তাহলে শান্তি প্রিয় মানুষ কোথায় বসবাস করবে? একটি কুচক্রী মহল দেশের শান্তি নষ্ট করছে। এই অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সমূলে উৎখাত করতে হবে। বক্তারা দ্রুত এই সকল হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

