সিংড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে জনাব আলী নামে এক ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরী দল। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার সোহাগবাড়ী গ্রামের একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই এলাকার জুলহাস হরুর স্ত্রী রিতা বেগমকে আটক করেছে পুলিশ। নিহত জনাব আলী একই এলাকার জসমত আলীর ছেলে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে রিতা বেগম জনাব আলীর বাড়ী থেকে তাকে ডেকে নিয়ে যায়। সেখান একটি নির্জন স্থানে নিয়ে জনাব আলীকে শ্বাসরোধ করে হত্যা করে বস্তায় পুড়ে পুকুরে ফেলে দেয়। পরে জনাব আলীর কোন খোজ না পাওয়া গেলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পুলিশ শনিবার রিতা বেগমকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে আজ রবিবার সকালে রিতার বাড়ীর পাশের একটি পুকুর থেকে ডুবুরী দল জনাব আলীর বস্তাবন্দি মৃতদেহটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মৃতদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রিতা বেগমের সাথে জনাব আলীর পরকীয়া সর্ম্পকের জের ধরেই এই হত্যাকান্ড ঘটতে পারে। তবে এই ঘটনার সাথে আর অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

