তরুণীকে ভয়ঙ্কর নির্যাতন, সেই টিকটক হৃদয়সহ দুজন গুলিবিদ্ধ
নিউজ ডেস্কঃ ভারতের বাংলাদেশি তরুণীকে ভয়ঙ্কর যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ।
শুক্রবার (২৮ মে) সকালে পুলিশ অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গেলে দুই আসামি পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের পায়ে করলে গুলি করলে ওই দুজন আহত হন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাতিরঝিলের বাসিন্দা রিফাদুল ইসলাম হৃদয় রয়েছেন, যিনি এলাকায় ‘টিকটক হৃদয় বাবু’ নামে পরিচিত।
ভারতীয় পুলিশ বলছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।
সম্প্রতি ভারতে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ মে) এ ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে দেশটির পুলিশ। ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে মামলাও হয় সেখানে। ওই দিনই বেঙ্গালুরুতে গ্রেফতার হন অভিযুক্ত হৃদয় বাবু, মো. বাবু শেখ, সাগর ও দুই নারীসহ ছয় আসামি।
এ ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত হৃদয় বাবুসহ অজ্ঞাত চার আসামির বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচার নিয়ন্ত্রণ আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা করে ভিকটিমের বাবা। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে নির্যাতিতার পরিবার। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি।
মামলার এজাহারে বলা হয়, হৃদয় বাবু তরুণীকে দুবাই নিয়ে যাওয়ার কথা বলে এক বছর আগে পাচারের উদ্দেশ্য ভারতে নিয়ে যায়।
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ জানান, ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে নির্যাতিতাকে উদ্ধারের চেষ্টা চলছে।

