নতুন শর্তে চলমান লকডাউন আরেক দফা বাড়ছে!

lock

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউন আরও বাড়ানো হতে পারে। এক্ষেত্রে আগের শর্তাবলির সঙ্গে কিছু নতুন শর্ত যুক্ত করে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর চিন্তা করছে সরকার।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী রোববার মধ্যরাতের পর শেষ হচ্ছে লকডাউন। তাই আজ রোববার (৩০ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন শর্ত যুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সীমান্তবর্তী জেলায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সরকারকে ভাবিয়ে তুলেছে। এজন্য সীমান্তবর্তী জেলার মানুষের চলাচল নিয়ন্ত্রণ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

গত সপ্তাহে লকডাউন কিছুটা শিথিল করা হয়। এর ফলে এপ্রিলের মাঝামাঝি থেকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও এক সপ্তাহ ধরে অর্ধেক যাত্রী নিয়ে আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন (বাস, ট্রেন ও লঞ্চ) চলছে।

হোটেল ও খাবারের দোকানে আসনসংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়া যাচ্ছে।

আগে লকডাউনে একই জেলার মধ্যে গণপরিবহন চলতে পারত। এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ ছিল।

এছাড়া যাত্রীবাহী নৌযান ও ট্রেন আগের মতো বন্ধ ছিল। তবে ঈদের আগে লকডাউনের মধ্যে দোকান ও শপিং মল খুলে দেওয়া হয়। খোলা আছে ব্যাংকও।

দেশের প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চে। চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়া হয়। পরে তা কয়েক দফা বাড়িয়ে আজ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। আজ লকডাউন বাড়ানোর ঘোষণা আসতে পারে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,