‘মুভমেন্ট পাস’ ছাড়া বের হতে দেবে না পুলিশ, যেভাবে পাবেন
নিউজ ডেস্কঃ সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এবারও জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ চালু থাকবে।
এ বিষয়ে পুলিশ সদর দফতর জানিয়েছে, লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হতে পারবে না। তবে জরুরি প্রয়োজনের জন্যে অনেককে লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। ওই সময় যারা জরুরি প্রয়োজনে বের হবেন তাদের অবশ্যই পুলিশের ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। সড়কে চেকপোস্ট করে মুভমেন্ট পাস তল্লাশি করবে পুলিশ।
জানা যায়, করোনার টিকা গ্রহণ, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে নাগরিকেরা মুভমেন্ট পাস নিতে পারবেন।
যেভাবে পাবেন মুভমেন্ট পাসঃ
https://movementpass.police.gov.bd/ লিংকে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে মোবাইল নম্বরটি প্রবেশ করাতে হবে। এরপর গ্রাহকের মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) চলে যাবে। ওটিপি প্রবেশ করালে পাসের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে।
মুভমেন্ট পাসের জন্য যে থানা এলাকা থেকে যাবেন, যে থানা এলাকায় যাবেন, নাম, লিঙ্গ, বয়স, ভ্রমণের কারণ, পাস ব্যবহারের তারিখ ও সময়, পাসের মেয়াদ শেষের তারিখ ও সময়, জাতীয় পরিচয়পত্র, নিজস্ব গাড়ির তথ্য এবং ছবি এসব তথ্য দিতে হবে।
এই পাসধারী ব্যক্তি বাধামুক্তভাবে সড়কে চলাচল করতে পারবেন। তবে সবাই এই পাস পাবেন না। শুধু জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের দেওয়া হবে এই পাস। যিনি পাস পাবেন শুধু তিনিই এটি ব্যবহার করে কাজ করতে পারবেন। পাস নেওয়ার সময় ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে চাইলে আবেদনকারী সেটাও করতে পারবেন। পাস কোনোভাবেই হস্তান্তরযোগ্য না। তবে সাংবাদিকদের মুভমেন্ট পাস লাগবে না বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

