‘লকডাউন’ বাড়ল আরও ৭ দিন
নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বা কঠোর ‘লকডাউন’ আরও সাতদিন বাড়িয়েছে সরকার। সোমবার (০৫ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মরাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। মৃত্যুর সংখ্যা এখনো একশ’র বেশি। তাই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।’
কতদিন বাড়তে পারে- জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ৭ দিন বাড়তে পারে।’ শিগগিরই বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘করোনায় যে হারে মৃত্যু ও আক্রান্ত হচ্ছে, বিধিনিষেধ বাড়ানো ছাড়া সরকারের কাছে অন্য কোনো পথ খোলা নেই।’
এদিকে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দীর্ঘ হচ্ছে লাশের সরি। করোনা আক্রান্তের সংখ্যাটিও যেন বাড়ছেই। রবিবার দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জনের। মোট মারা গেছেন ১৫ হাজার ৬৫ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।

