মানা হচ্ছে না লকডাউন, রাজধানীতে যানবাহনের দীর্ঘ লাইন
নিউজ ডেস্কঃ সরকার ঘোষিত কঠোর লকডাউনের আজ ষষ্ঠ দিন চলছে। এই বিধিনিষেধ বাস্তবায়নে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে দিন যত যাচ্ছে রাস্তায় লোকজনের সংখ্যা ততই বাড়ছে, বেড়েছে যানবাহনের সংখ্যা। মোটরসাইকেলে ও প্রাইভেটকারের ক্ষেত্রে কারণ দর্শাতে হলেও হেঁটে বা রিকশাযোগে যারা চলাচল করছেন, তাদের ক্ষেত্রে কারণ দর্শানোর বিষয়টি কার্যকর হচ্ছে না।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
পুরান ঢাকার নয়াবাজার, বাবুবাজার, তাঁতিবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঢাকার প্রবেশমুখ বাবুবাজার ব্রিজ দিয়ে গত পাঁচ দিনের তুলনায় মানুষের বাইরে যাতায়াত অনেকাংশে বেড়েছে। এদের মধ্যে যারা মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে চলাচল করছেন, শুধুমাত্র তাদেরই কারণ দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছাড় পেতে হচ্ছে। এছাড়া যারা রিকশা, ভ্যানে কিংবা হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, তাদের কাছে কারণ জানতে চাওয়া তো দূরের কথা, থামানোও হচ্ছে না। পাশাপাশি চেকপোস্টগুলোতে জিজ্ঞেসাবাদেও কিছুটা শিথিলতা দেখা গেছে।
আব্দুল হাই নামের এক কারখানা মালিক বলেন, আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। নবাবপুরে কারখানায় যাব। কারখানায় কর্মচারীরা কাজ করছেন, সেগুলো দেখাশোনা করতে হবে। মুন্সিগঞ্জ থেকে কীভাবে এসেছেন জানতে চাইলে তিনি বলেন, কেরাণীগঞ্জের কদমতলী পর্যন্ত এসেছি দুই ভাগে। তারপর বাবুবাজার ব্রিজ পার হয়ে নবাবপুরে যাব।
বাবুবাজার ব্রিজের সামনে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ লোকজন একটু বেশি দেখা যাচ্ছে। তবে আমরা সবাইকেই জিজ্ঞেস করছি। অনেকেই উপযুক্ত কারণ দেখাচ্ছেন। যারা উপযুক্ত কারণ দেখাতে পারছেন না, তাদের আমরা আটক বা জরিমানা করছি।

