সাদুল্যাপুরে বোনের বাল্যবিয়ের চেষ্টায় ভাইয়ের কারাদন্ড

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতিকে (১৫) বাল্যবিয়ের চেষ্টার দায়ে ভাই মো. জহির উদ্দিনকে (২৮) এক দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লা আল মামুন তালুকদার শনিবার দুপুর ১২টার দিকে এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত জহির উদ্দিন সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

সাদুল্যাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্রী পরিমল চন্দ্র জানান, জহির উদ্দিন তার ছোট বোন মহিষবান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতির বিয়ে ঠিক করেন একই গ্রামের জনৈক ছেলের সঙ্গে। শুক্রবার রাতে বাল্যবিয়ের খবর পেয়ে মেয়ের বাড়িতে অভিযান চালানো হয়। পরে জহির উদ্দিনকে আটক করে থানায় আনা হয়। শনিবার দুপুরে তাকে ইউএনও’র কার্যালয়ের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত জহিরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লা আল মামুন তালুকদার জানান, সাদুল্যাপুর উপজেলাকে বাল্যবিয়ে ও শিশুবিয়ে মুক্ত ঘোষণা করতে ইতোমধ্যে চার ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। তাই বাল্যবিয়ে প্রতিরোধ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

  •  
  •  
  •  
  •