মাত্র ২০০ টাকা কেজিতে মিলছে ইলিশ!
নিউজ ডেস্কঃ ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য নদীতে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নেমে প্রথম দিন থেকেই ঝাঁকে ঝাঁকে ইলিশ পাচ্ছেন জেলেরা।
শনিবার (২৪ জুলাই) সকালে নোয়াখালীর হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপকূলের হাটগুলোতে ইলিশ মাছে সয়লাব হয়ে যায়। দামও ছিল হাতের নাগালে।
বসুরহাটের মাছের আড়তে ৩০০, ৫০০ ও ৭০০ টাকা কেজি দরে বিভিন্ন আকারের ইলিশ বিক্রি করতে দেখা গেছে। বিধিনিষেধের কারণে ক্রেতা কম থাকায় বাজারের আশপাশে বেশ কয়েকটি স্থানে মাইকিং করতে শোনা গেছে।
এদিকে লকডাউনের কারণে বাজারে ক্রেতা না থাকায় বাধ্য হয়ে ফেরি করে ইলিশ বিক্রি করছেন পাইকারি ব্যবসায়ী বাবুল হোসেন। প্রতি কেজি ইলিশের দাম মাত্র ২০০ টাকা। ৪০০-৫০০ টাকার ইলিশ অল্প দামে পেয়ে ক্রেতারাও খুশি।
বাবুল হোসেন জানান, ঈদের আগে মাছগুলো এনেছিলাম। তবে বিক্রি হয়নি। লকডাউনের মধ্যে পড়ে বাজারেও ক্রেতা নেই। তাই বাধ্য হয়ে ফেরি করে বিক্রি করতে হচ্ছে। অন্য সময় এই মাছ বিক্রি হয় ৪০০-৪৫০ টাকা কেজি দরে। প্রতিদিন ৬০ কেজি করে মাছ নিয়ে বের হচ্ছি। খরচ বাদ দিয়ে ৬০০-৮০০ টাকা লাভ থাকছে।

