লকডাউন কি আরও বাড়ছে?
নিউজ ডেস্কঃ করোনা প্রতিরোধে চলমান ১৪ দিনের বিধিনিষেধ আগামী ৫ আগস্ট মধ্যরাতে শেষ হবে। পরবর্তী বিধিনিষেধের (লকডাউন) বিষয়ে সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় সভা বসছে মঙ্গলবার (৩ আগস্ট)।
সোমবার (২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে বিধিনিষেধ বাড়ানোর চিন্তা রয়েছে সরকারের। অর্থনীতি ও জীবিকার বিষয়টি মাথায় রেখে কিছু বিষয়ে শিথিলতা আসতে পারে।
বিধিনিষেধ বাড়লে তা কতদিন হবে, কোন কোন ক্ষেত্রে শিথিলতা আসবে- সভায়ই সবকিছু চূড়ান্ত হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বিধিনিষেধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন একজন কর্মকর্তা।
মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এই সভা হবে। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব/সচিব ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা যুক্ত থাকবেন বলে জানা গেছে।

