সীতাকুন্ডে মদের বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু
নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত মদ্যপানে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। চমেকে চিকিৎসাধীন অবস্থায় শুক্র ও শনিবার দুপুরে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এ সময় আরো দুজন গুরুতর অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলার ভাইবোন ছড়া ওয়ার্কাক পাড়ার এলাকার বৃন্দা মোহন ত্রিপুরার ছেলে দহরঞ্জন ত্রিপুরা (৩০) ও একই জেলার খাগড়াছড়ি সদর থানার হরিগঞ্জ পাড়া এলাকার দজেন ত্রিপুরার ছেলে ধনেশ্বর ত্রিপুরা (২২)।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলার সোনাইছড়ি জোড়আমতল এলাকার একটি শিপইয়ার্ডের চার নিরাপত্তা প্রহরী শুক্রবার রাতের ডিউটি শেষে ভোরে মদ্যপান করে এসে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। অতিরিক্ত ও বিষাক্ত মদ্যপানের ফলে কিছুক্ষনের মধ্যে তাদের বমি শুরু হয়। এক পর্যায়ে তাদেরকে উদ্ধার করে চমেকে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার দহরঞ্জন ত্রিপুরা ও শনিবার দুপুরে ধনেশ্বর ত্রিপুরা মারা যান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চার দারোয়ান অতিরিক্ত মদ্যপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে শুক্রবার একজন ও শনিবার অপর একজন মারা যান। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

