পদ্মা সেতুর সড়কপথের শেষ স্লাব বসছে আজ
নিউজ ডেস্কঃ শেষ হতে যাচ্ছে পদ্মাসেতুর রোডওয়ে স্লাব বসানোর কাজ।
ফলে ছয় দশমিক ১৫ কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে সড়কপথ। সেতুর মোট দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে বসানো হয়েছে দুই হাজার ৯১৪টি। বাকি মাত্র তিনটি স্লাব বসানোর কাজ। যার মধ্যে রাতেই বসানো হচ্ছে দুটি স্লাব। আর সোমবার (২৩ আগস্ট) সকালের মধ্যে সম্পন্ন হবে।
অর্থাৎ আজ সোমবারই শেষ হচ্ছে পদ্মা সেতুর রোডওয়ে স্লাব বসানোর কাজ। রোববার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শেষ তিনটি রোডওয়ে স্লাব বসানোর কাজ বাকি আছে। সেতুর ১২ ও ১৩নং পিলারের স্প্যানে শেষ তিনটি রোডওয়ে স্লাব বসানো হচ্ছে। রাতের মধ্যে দুটি স্লাব বসানো হয়ে যাবে। সর্বশেষ একটি রোডওয়ে স্লাব সোমবার সকালে বসানো হবে। সকাল ৯টা থেকে ১০টির মধ্যে শেষ রোডওয়ে স্লাবটি বসানোর প্রস্তুতি রয়েছে। ফলে সকালেই রোডওয়ে স্লাব বসানোর কাজ শেষ হচ্ছে।

