বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস আজ

নিউজ ডেস্ক: 

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্মাহুতি দিবস আজ। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে সফল হন প্রীতিলতা। তবে আক্রমণ শেষে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। এ অবস্থায় ধরা পড়ার আগেই সঙ্গে থাকা সায়ানাইড বিষ খেয়ে আত্মাহুতি দেন তিনি।

মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে জন্মগ্রহণ করেন। প্রীতিলতার ডাক নাম রানী। ছদ্মনাম ফুলতার। ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য নিজেকে গড়ে তোলার পাশাপাশি অসংখ্য বিপ্লবীকে প্রশিক্ষিত, অনুপ্রাণিত ও উজ্জীবিত করে গেছেন এ বীরকন্যা।

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর জীবন-সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে নারীদের উজ্জীবিত হওয়া উচিত।
প্রীতিলতাসহ অগ্নিযুগের অগ্নি সন্তানেরা নতুন প্রজন্মকে সংগ্রামী মানুষ হতে শেখায়, অন্যায় করা নয়, অন্যায় মুখ বুজে সহ্য করা নয়, অন্যায়কে রুখে দিতে শেখায়। প্রীতিলতা, মাস্টারদা সূর্য সেনসহ অগ্নিযুগের বিপ্লবীরা যে স্বপ্নকে সামনে নিয়ে লড়াই করেছেন, আত্মবলিদান দিয়েছেন, যে অসাম্প্রদায়িক, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা আজীবন কাজ করে গেছেন সেই সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহবান জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর আজকের দিনে কীর্তিমান এই বাঙালি বিপ্লবীকে নারীকে স্মরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: ,