রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

নিউজ ডেস্ক:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম আজ শুক্রবার সকালে এসব তথ্য জানিয়েছেন।

ইফতেখায়রুল ইসলাম বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২ হাজার ৭২৪ পিস ইয়াবা, ১৮৩ গ্রাম ১০ হাজার ২০ পুরিয়া হেরোইন, ১৭ বোতল দেশি মদ, ৫০ কেজি ৩০৫ গ্রাম গাঁজা ও আট বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

  •  
  •  
  •  
  •