নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধিও থাকবে; সেতুমন্ত্রী
নিউজ ডেস্কঃ অবাধ ও সুষ্ঠ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই, এখানে বিএনপিরও প্রতিনিধি থাকবে।
মঙ্গলবার সকালে দ্বিতীয় আমিনবাজার সেতু পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন সেতুমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠিত হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই। এখানে বিএনপিরও প্রতিনিধি থাকবে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

