পায়রা সেতু উদ্বোধন হবে আজ
নিউজ ডেস্ক: আজ উদ্বোধন হতে যাচ্ছে পটুয়াখালীর মানুষের স্বপ্নের ‘পায়রা সেতু’। ফলে আজ থেকে আর ফেরির ঝামেলা পোহাতে হবে না এ অঞ্চলের মানুষের। লেবুখালি ফেরিঘাট তখন হয়ে থাকবে শুধুই স্মৃতি। উদ্বোধনের সময় তাই একটু বেশিই সেজেছে পটুয়াখালীবাসীর স্বপ্ন।
দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পায়রা সেতুর নির্মাণ কাজ শেষে রোববার (২৪ অক্টোবর) বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর নির্মিত ‘পায়রা সেতু’ উদ্বোধন করা হবে।
রোববার (২৪ অক্টোবর) সকালে গণভবন থেকে পায়রা সেতু, দুমকি, পটুয়াখালী প্রান্তে ভার্চুয়াল সংযুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরই চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সেতুটি।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা স্বাক্ষরিত চিঠিতে জানা যায়, প্রধানমন্ত্রী বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর পায়রা সেতু উদ্বোধনে সম্মতি দিয়েছেন। ২৪ অক্টোবর সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি তিনি এই সেতু উদ্বোধন করবেন। এ কারণে এখন পায়রা সেতু এলাকায় সাজ সাজ রব পড়েছে।
উদ্বোধনের তারিখ ঘোষণার পর থেকেই পায়রা সেতু এলাকায় সাজ সাজ রব পড়েছে। দৃষ্টিনন্দন এই সেতু দেখতে মানুষের ভিড় পড়ছে। সন্ধ্যায় ঝলমল আলোয় আলোকিত হয়ে উঠছে সেতুটি।

