কুমিল্লায় ট্রাকচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু
নিউজ ডেস্ক :
আজ সোমবার (২৫ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় মো. সালমান (৮) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা জামাল জানান, সালমান তার চাচার সঙ্গে রাস্তা পারাপারের সময় মারুতির ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়লে বালুবাহী একটি ট্রাকচাপায় পিষ্ট হয়ে সে মারা যায়। এতে তার চাচা তোফাজ্জল হোসেন আহত হন। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত সালমান চান্দিনার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মারুতি ও ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

