ফ্লাইওভারে ফাটল;বাস টার্মিনালমুখী র‍্যাম্পে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক :

গতকাল সোমবার (২৫ অক্টোবর),বহদ্দারহাট ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটলের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।পরে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে বাস টার্মিনালমুখী র‍্যাম্পে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর), সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম বলেছেন, “নির্মাণজনিত ত্রুটি থাকায় ফ্লাইওভারের বাস টার্মিনালমুখী র‍্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে।”

তিনি আরোও বলেন, “ফ্লাইওভারে যেভাবে ফাটল দেখা দিয়েছে, আমি নিজেই অবাক হয়েছি। ফাটলের পর থেকে র‍্যাম্পের ওপরে এবং নিচের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু এ ফ্লাইওভার সিডিএ নির্মাণ করেছে, তাই তাদের চিঠি দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহদ্দারহাট ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১১ সালে ফ্লাইওভার নির্মাণকাজ শুরু হয়। এরপর ২০১২ সালের ২৪ নভেম্বর নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩ জন নিহত হন। পুনরায় নির্মাণ শেষে ২০১৩ সালের ১২ অক্টোবর ফ্লাইওভারে যান চলাচল শুরু হয়। এরপর বাস টার্মিনালমুখী একটি র‍্যাম্পের নির্মাণকাজ শেষে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর ওই অংশে যান চলাচল শুরু হয়।

  •  
  •  
  •  
  •