বিসিএস দিতে এসে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

নিউজ ডেস্ক :

আজ মঙ্গলবার(০২ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কাজির শিমলা নামক স্থানে কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহীকে বাংলাদেশ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম ৫৪-২৩০৬) পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়।

নিহতরা হলেন ,ফিরোজ মোর্শেদ (৩৫) ও তৌহিদুল ইসলাম জিহাদ (২৪)।তারা দুজন জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকসে চাকরি করতেন। তার ছোট ভাই জিহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী। বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন তিনি। আজ ভোরে মোটরসাইকেলযোগে তারা গাজীপুর জেলার নয়নপুর থেকে নিজ গ্রামের বাড়ি জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়ায় উদ্দেশে রওনা দেন। ত্রিশালের কাজীরশিমলা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানচালককে আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

  •  
  •  
  •  
  •