১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৪ টাকা
নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৪ টাকা বাড়িয়েছে ,বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর), ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণের এই আদেশ দেয় বিইআরসি। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব রুবিনা ফেরদৌসী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন এই দাম গতকাল বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।নভেম্বর মাসের জন্য এই এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। আগের মাসে এর দাম ছিল এক হাজার ২৫৯ টাকা।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতোই ৫৯১ টাকায় রয়েছে।গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির মূল্য ৫৮ টাকা ৬৮ পয়সা, যা আগের মাসে ছিল ৫০ টাকা ৫৬ পয়সা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে প্রপেন ও বিউটেনের দাম বেড়ে যথাক্রমে টনপ্রতি ৮৭০ ও ৮৩০ ডলার হয়েছে। মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় নভেম্বরের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি।আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরমকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বিইআরসি।!

