সোয়ারিঘাটে জুতা কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক:
গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর পুরান ঢাকার সোয়ারিঘাটে একটি জুতা কারখানায় আগুন লেগেছে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে দুইজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, যে ভবনে আগুন লেগেছে সেটি একটি জুতার সোল তৈরির কারখানা। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর পর সেখান থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁদের পরিচয় জানা যায়নি। তবে তাঁরা কারখানাটির শ্রমিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন বলেন,” কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণে আসার পরই সেখানে উদ্ধার কাজ শুরু করি। পরে কারখানাটির দ্বিতীয় তলা থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়।”
তিনি আরোও জানান, “দোতলা ও তিনতলায় জুতা তৈরির কারখানা। তবে দ্বিতীয় তলায় শ্রমিকরা থাকতেন বলে জানা গেছে। পাঁচ শ্রমিক মারা গেছেন। আর দুইজন দগ্ধ হয়েছেন। মৃতদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

