হাফ ভাড়ার বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত জানানো হবে
নিউজ ডেস্ক: ঢাকা মহানগরে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার।
তিনি জানান, মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরে বাসে হাফ ভাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ উপস্থিত থাকবেন।
এর আগে, শনিবার (২৭ নভেম্বর) গণপরিবহনে অর্ধেক ভাড়া (হাফ পাস) চালু নিয়ে মালিকদের সঙ্গে সড়ক পরিবহন কর্তৃপক্ষের দ্বিতীয় দিনের বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেন বাস মালিকরা।
ওই বৈঠকে বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু সরকার বেসরকারি বাসে ভর্তুকি দেয় না সেহেতু ভাড়া কম নেওয়ার সুযোগ নেই। কারণ যানজটের কারণে ট্রিপের সংখ্যা কমেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গাড়ির যন্ত্রাংশের দাম বৃদ্ধি পেয়েছে। তাই হাফ ভাড়া নিলে লোকসান গুনতে হবে।

