নাটোরে ৫ জেএমবির যাবজ্জীবন

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
আলোচিত সিরিজ বোমা হামলার মামলার রায়ে নাটোরে পাঁচ জেএমবি নেতাকে যাবজ্জীবন ও দুই জনকে বেকুসুর খালাস দিয়েছে আদালত।

সোমবার বেলা ১২ টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় মামলার রায় ঘোষনা করেন। এ সময় পুরো আদালত পাড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়। এর আগে বেলা ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মামলার ৭ আসামীর মধ্যে ৬ আসামীকে আদালতে হাজির করা হয়। নিরাপত্তার কারনে গাজিপুরের কাশিমপুর কারাগারের আসামী জেএমবি নেতা শফিউল্লাহ ওরফে তারিককে আদালতে হাজির না করায় আদালতের বিচারক ওই আসামীর অনুপস্থিতিতেই রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, আব্দুর রশিদ, সিহাব উদ্দিন, দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান ও আব্দুল মতিন। খালাস প্রাপ্ত দুইজন হলেন, শহিদুল ইসলাম ও শফিউল্লা ওরফে তারিক। এরআগে গত ২৩ মার্চ তারিখ অনুপস্থিত থাকায় মামলার রায় পেছানো হয়েছিল।

আদালত সুত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগষ্ট নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়, বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ন ৮ টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। এ ঘটনায় সরকার পক্ষ বাদী হয়ে ৭ জেএমবি নেতার নামে মামলা দায়ের করেন। মামলায় মোট ৬৫ জন স্বাক্ষীর মধ্যে ৪২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষ করে আদালত। দীর্ঘ প্রায় ১১ বছর মামলা চলার পর চলতি মাসের ৭ তারিখে মামলার শুনানী শেষে ২৩ মার্চ মামলার রায় ঘোষনার দিন ধার্য্য করেন আদালতের বিচারক। কিন্তু সেই দিন একজন আসামী হাজির না থাকায় তা পিছিয়ে ২৮ মার্চ সোমবার করা হয়।

সেই হিসাবে সোমবার সকালে রাজশাহী কারাগার থেকে একজন এবং নাটোর কারাগার থেকে ৫ জনকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে আসামী জেএমবি নেতা শফিউল্লাহ ওরফে তারিককে হাজির করা হয়নি। রায় শেষে আসামীদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পুনরায় স্ব-স্ব কারাগারে প্রেরণ করা হয়।

  •  
  •  
  •  
  •