আমাদের কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়। আমাদের কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করে না।” রাজধানীর কারওয়ান বাজারে আজ শনিবার ঢাকা ওয়াসার উদ্যোগে আয়োজিত ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১’ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় মন্ত্রী আরও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা বস্তুনিষ্ঠভাবে দেয়নি। তারা অতিরঞ্জিত সংবাদের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করে না। আমাদের এখানে প্রতিটি ঘটনা ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করা হয়ে থাকে। করলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।”

