স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা করল মাদকাসক্ত স্বামী

নিউজ ডেস্ক:

রোববার গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শিশুপুত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যাক্তির বিরুদ্ধে।ঐ ঘটনায় অভিযুক্ত ফকরুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নিহতরা হলো- ঐ এলাকার ফকরুল ইসলামের স্ত্রী রেশমি আক্তার ও তার ১৩ মাস বয়সী ছেলে সালমান সাফায়ার।

স্থানীয়রা জানায়, দুই বছর আগে পারিবারিকভাবে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফকরুল ইসলামের সঙ্গে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের বিয়ে হয়।

রেশমি আক্তারের স্বজনরা জানান, বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকত রেশমির। বিয়ের পর চাকরি না থাকায় মাদকাসক্ত হয়ে পড়ে ফকরুল- এমন অভিযোগে তাকে রিহ্যাবে দেন বাবা-মা। পরে স্ত্রী রেশমির আবদারে ফকরুলকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসা হয়।

শনিবার রাতে বিষয়টি নিয়ে ফের রেশমির সঙ্গে কলহ বাধে ফকরুল ও তার মা-বাবার। এরই জেরে রাতের কোনো এক সময় রেশমি ও সালমানকে গলা কেটে হত্যা করেছেন মাদকাসক্ত ফকরুল ইসলাম- এমন অভিযোগ নিহতের পরিবারের।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, “আটককৃত ফকরুল ইসলাম মাদকাসক্ত। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

  •  
  •  
  •  
  •