খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের বন্দুকযুদ্ধে চার আস্তানা ধ্বংস
নিউজ ডেস্ক:
শুক্রবার ভোর ৫টায় খাগড়াছড়ির জারুলছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর দিঘীনালা জোনের অপারেশন দল।
ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসীরা ওই এলাকায় অস্থায়ী ঘাঁটি গড়ে তুলেছিল। সেখানে তারা নতুনভাবে আধিপত্য বিস্তার এবং নতুন সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর দল।
তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে। সেনাবাহিনীর অভিযান দল তাৎক্ষণিক পাল্টা আক্রমণের মাধ্যমে সন্ত্রাসীদের ধাওয়া করে। ফলে সন্ত্রাসী দলটি তাদের প্রশিক্ষণ ক্যাম্পে মজুদ করা সরঞ্জামাদি ও অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ রেখেই পিছু হঠতে বাধ্য হয়।
এ সময় ক্যাম্প হতে অভিযান দলটি সন্ত্রাসীদের ইউনিফর্মের অংশ বিশেষ, সন্ত্রাসীদের দলীয় নামীয় তালিকা, চাঁদা আদায় সংক্রান্ত নিয়মের নির্দেশিকা এবং ০২ (দুই)টি এলএমজির ওয়াই স্টিক উদ্ধার করে। অভিযান শেষে সেনা সদস্যরা সন্ত্রাসীদের চারটি ব্যারাক এবং দুটি ডিউটি পোস্ট ও অস্ত্রাগার আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে।
স্থানীয় জনগণের মধ্যে নতুনভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, চাঁদাবাজি, সাধারণ মানুষকে অহেতুক হয়রানি এবং মারধর করা ছাড়াও নানা অসামাজিক অপকর্ম চালিয়ে আসছে দলটি বলে অভিযোগ রয়েছে।

