বাংলাদেশে আটকে পড়া বিহরিদের ঢাকার বাইরে স্থানান্তর হবে: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:
বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি বিহারিদের জীবন মান উন্নয়নে তাদেরকে ঢাকার পাশে নতুন এলাকায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল রোববার দুপুরে ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় গুলশানের নুতন একটি খেলার মাঠসহ ঢাকা সিটি করপোরেশনের নানা উন্নয়ন কর্মসূচী কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “সরকারের ধারাবাহিকতা থাকায় দেশে নানা উন্নয়ন কাজ করা সম্ভব হচ্ছে। জনসংখ্যার চাপের কারণে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে ঢাকা মহানগরী। নতুন এ ওয়ার্ডগুলোর সড়ক অবকাঠামো, খাল খনন, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী।”
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুরসহ আরো কয়েকটি এলাকায় ছড়িয়ে আছে অবাঙালি বিহারিদের কলোনি। দীর্ঘদিন ধরেই তাদের এ আবাসন ব্যবস্থা নিয়ে চলছে নানা বিতর্ক। একদিকে যেমন বিহারি ক্যাম্পগুলোকে নানা অপরাধের ঘাঁটি কিংবা আশপাশের এলাকার পরিবেশ নষ্টের কারণ বলে জানেন অনেকে, অন্যদিকে তাদের মানবেতর জীবনযাপন নিয়েও আছে সাধারণ মানুষের মধ্যে মমত্ববোধ।
আবাসনের অসুবিধা, নিরাপত্তা ঝুঁকি ও মানবিক বিষয় বিবেচনায় নিয়ে রাজধানী ঢাকার বিহারি ক্যাম্পগুলো ঢাকার আশপাশে সুবিধাজনক স্থানে এগুলো স্থানান্তর করা হবে। এজন্য প্রাথমিকভাবে গাজীপুর ও কেরানীগঞ্জের দুটি স্থান চিহ্নিত করা হয়েছে। তবে তা চূড়ান্ত করা হয়নি। ঢাকার ৪৫টি বিহারি ক্যাম্পে প্রায় ৬ লাখ লোক বসবাস করে।

