লিফলেট বিতরণের সময় বিএনপিনেতা ইশরাক হোসেন গ্রেপ্তার
নিউজ ডেস্ক:
দ্রব্যমূল্যের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে লিফলেট বিতরণের সময় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইশরাককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু। তিনি বলেন, ‘ইশরাকের বিরুদ্ধে ২০২১ সালের গাড়ি পোড়ানোর মামলা ছিল। ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত এক নম্বর আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
ছাত্রদলের কবি নজরুল কলেজের নেতা খন্দকার ইরফান আহমেদ ফাহিম এবং ইশরাকের মিডিয়া সমন্বয়ক সুজন মাহমুদ জানান, “দ্রব্যমূল্যের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় মতিঝিল থানা পুলিশ ইশরাক হোসেনকে আটক করে নিয়ে যায়।”

