নিষেধাজ্ঞা শেষ শুরু হচ্ছে সাগরে মাছ ধরা
নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরে মাছ ধরায় টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার (২৩ জুলাই) রাত ১২টার পর থেকে সাগরে মাছ ধরা ফের শুরু হচ্ছে। এতে দেশের উপকূলীয় ১৬ জেলায় জেলেরা মাছ ধরার জন্য প্রস্তুত হয়েছে।
উপকূলীয় এলাকার জেলেপাড়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে সব প্রস্তুতি শেষে এখন জাল-ট্রলার নিয়ে মাছ শিকারে যাওয়ার প্রহর গুনছেন জেলেরা।
মৎস্য অধিদফতর সূত্র জানায়, মাছ ধরা বন্ধ থাকাকালে নিবন্ধিত জেলেদের সরকার থেকে সহায়তা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেরা সাগরে মাছ আহরণের সব প্রস্তুতি নিয়েছে।
দীর্ঘ দুমাস পর নিষেধাজ্ঞা শেষে জেলেদের কিছুটা উৎসাহ-উদ্দীপনা থাকলেও পাশাপাশি ঋণ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় ঋণ পরিশোধ সম্ভব হয়নি।
এখন মাছ ধরে নিজেও চলতে হবে ঋণও পরিশোধ করতে হবে। এবার অনেক আশায় নিয়ে আমরা সাগরে নামবো। কারণ গত বছর আশানুরূপ ইলিশ পাওয়া যায়নি। আশা করছি এ বছর প্রচুর ইলিশ পাওয়া যাবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, ইলিশের প্রজননকালীন দীর্ঘ ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকায় বর্তমানে মাছের উৎপাদন বাড়ছে। এ প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে বঙ্গোপসাগর একটি সমৃদ্ধ মৎস্য ভান্ডারে পরিণত হবে।
মৎস্যসহ মূল্যবান প্রাণীজ সম্পদ সুরক্ষায় গত ২০ মে থেকে আজ ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। ইলিশের জাটকা নিধনে নিষেধাজ্ঞা আরোপের সফলতাকে অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সামুদ্রিক মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়ার মতো অন্য মাছ আহরণেও ছিল এ নিষেধাজ্ঞার আওতায়।

