লঞ্চের ভাড়া বাড়লো ৩০ শতাংশ
নিউজ ডেস্ক:
জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে নৌযানের যাত্রীভাড়া ৩০ শতাংশ সমন্বয় (বৃদ্ধি) করে পুনর্নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (নৌ রুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক সরকার নওজানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া নির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের আলোকে বিআইডব্লিউটিএর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভাড়া ১৫ নির্ধারণ করলো।
প্রথম ১০০ কিলোমিটারের কম দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া দুই টাকা ৩০ পয়সা থেকে ৭০ পয়সা বৃদ্ধি করে তিন টাকা নির্ধারণ করা হয়েছে। ১০০ কিলোমিটার অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া দুই টাকা থেকে ৬০ পয়সা বৃদ্ধি করে দুই টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হলো।
জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বৃদ্ধি করে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত আট আগস্ট সচিবালয়ে নৌ পরিবহন সচিব মোস্তফা কামালের সঙ্গে বৈঠক করা হয়। দীর্ঘ আলোচনায় ও সিদ্ধান্ত না মেলায় একটি ওয়ার্কিং কমিটি গঠন করে মন্ত্রণালয়।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানোর বিষয়ে ধারণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিলো, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২৯ পয়সা ও লঞ্চ ভাড়া ৪২ পয়সা বাড়তে পারে।
কিন্তু লঞ্চ মালিকরা ভাড়া শতভাগ বাড়ানোর প্রস্তাব দেয়। তারা ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬০ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করার প্রস্তাব দিয়েছিল।

