মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ

নিউজ ডেস্ক:

মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য বৃহস্পতিবার (৬ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা।
মৎস্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ শিকার বন্ধ থাকবে।

এ সময় দেশব্যাপী ইলিশ শিকার বন্ধের পাশাপাশি বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

সাধারণত আশ্বিনের ভরা পূর্ণিমার আগে পরে প্রায় ১৫ থেকে ১৭ দিনের মধ্যে ইলিশ মাছ ডিম পাড়ে। তাই এই সময়ে সাগরের নোনা জল ছেড়ে নদীমুখে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

মা ইলিশ রক্ষার অংশ হিসেবে প্রতিবছর এ সময়টাতে বেশ কয়েক বছর ধরেই ইলিশ ধরা বন্ধ রেখে আসছে সরকার। মূলত মা ইলিশ যেন নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পায় সেটি নিশ্চিত করতেই এ উদ্যোগ। এর ফলে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণ।

ইলিশ ধরা বন্ধের এ সময় সারা দেশে তালিকাভুক্ত মৎসজীবীদের ভিজিএফের মাধ্যমে সহযোগিতা দেওয়া হবে। সরকারি নির্দেশ মেনে যাতে কেউ মাছ ধরতে না যায় এজন্য বিভিন্ন নদীতে ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় থাকবে।

  •  
  •  
  •  
  •