২০২৩ সাল সংকটময় হতে পারে: খন্দকার আনোয়ারুল ইসলাম

নিউজ ডেস্ক: কোভিড পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকট এবং চীনের উৎপাদন কমে যাওয়াসহ তিনটি প্রধান কারণে ২০২৩ সাল সংকটময় হতে পারে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এজন্য খাদ্য উৎপাদন বাড়াতে হবে এবং সবাইকে প্রস্তুত থাকতে হবে।

সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। বৈদেশিক মুদ্রার মজুত কমে যাওয়াসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে খাদ্য সংকট থেকে যাবে। যে কারণে সবার আগে খাদ্য উৎপাদন বাড়াতে আপ্রাণ চেষ্টা করতে হবে।

গত পাঁচ-ছয় মাসে আমরা খাদ্য সংকট দেখেছি। আগামী এক থেকে তিন বছরের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ বেড়ে যাবে। পর্যাপ্ত বীজ উৎপাদনেরও ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

সচিব আরও জানান, সংকটের কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্ববাজারে ডলার সংকট, চীনে উৎপাদন কমে যাওয়াকে চিহ্নিত করা হয়েছে। দেশে যেসব জমিতে চাষাবাদ করা হবে না, সেগুলো খাস জমিতে পরিণত হবে এমন প্রচারণা পুরোপুরি গুজব বলেও জানান।

  •  
  •  
  •  
  •