রংপুরবাসীর জন্য জয় উৎসর্গ করলেন মোস্তফা
রংপুর প্রতিনিধিঃ
রংপুর সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়া জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা তার জয়কে রংপুরবাসীর জন্য উৎসর্গ করে বলেছেন, ‘এ বিজয় জাতীয় পার্টির বিজয়। আমি রংপুরবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে নগরীর খামারমোড়স্থ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাত ১২টায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জানা যায়, লাঙ্গল প্রতীকে মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল। তিনি হাত পাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।
তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। ভোট ব্যবধানে চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।

