ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার সকাল ৮টায় বিশ্বকাপজয়ী মেসিদের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের শুরুর দিন বিকালে রাজধানীর বনানীতে দেশটির মিশন উদ্বোধন করবেন, যা ৪৫ বছর আগে বন্ধ হয়েছিল। দীর্ঘ চার দশকের বেশি সময় পর ফের বাংলাদেশে মিশন চালু করছে আর্জেন্টিনা।

আজ বিকেলে ঢাকার বনানীর বি ব্লকের ২৩ নম্বর সড়কের ৫০ নম্বর প্লটের একটি ভবনে উদ্বোধন হচ্ছে আর্জেন্টিনা দূতাবাস।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আকাশি-সাদা পতাকা আর জার্সির প্রতি আগ্রহ, বিশ্বকাপের ম্যাচগুলোতে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতিটি গোলের সরব উদযাপন আর জয়ের পর বাঁধভাঙা উল্লাস দৃষ্টি এড়ায়নি আর্জেন্টিনার। বাংলাদেশের জনসমর্থনই আর্জেন্টিনা সরকারকে আবার এ দেশে দূতাবাস খুলতে উদ্বুদ্ধ করেছে।

  •  
  •  
  •  
  •