দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ
নিউজ ডেস্ক:
সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন, নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন, তৃতীয় লিঙ্গের ১২ হাজার ৬২৯ জন এবং ব্যালেন্স পপুলেশন ৮৫ হাজার ৯৫৭ জন।
রোববার (০৯ এপ্রিল) জনশুমারি ও গৃহগণনা ২০২২ পিইসি জরিপের আলোকে সমন্বয়কৃত জনসংখ্যা সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।
দেশের মোট জনসংখ্যার ১১ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৯২৫ জন গ্রামে বাস করে, যা মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ। আর ৫ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন শহরে বাস করে, যা মোট জনসংখ্যার ৩১ দশমিক ৬৬ শতাংশ। দেশে মোট জনসংখ্যার ১৫ কোটি ৪৫ লাখ ৪২ হাজার ৭৮ জন মুসলিম আর ১ কোটি ৫২ লাখ ৮৭৬ জন অমুসলিম।
সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে, ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। যা মোট জনসংখ্যার ২৬ দশমিক ৮৮ শতাংশ। আর সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে, ৯৩ লাখ ২৫ হাজার ৮১৮ জন। যা মোট জনসংখ্যার ৫ দশমিক ৪৯ শতাংশ।
এছাড়া দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। পুরুষ মোট জনসংখ্যার ৪৯ দশমিক ৫১ শতাংশ, নারী ৫০ দশমিক ৪৩ শতাংশ।

