বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’

নিউজ ডেস্ক:

বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন।

বঙ্গভবনের নতুন বাসিন্দা মোঃ সাহাবুদ্দিন সোমবার বেলা ১১টায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। এরপর গত রাত পৌনে নয়টায় সপরিবার বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান গতকাল বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামরিক-বেসামরিক আমলা, বিভিন্ন পেশার প্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •