৪১৫ যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট
নিউজ ডেস্ক:
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট ৪১৫ জন যাত্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটটি শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।
ফ্লাইটটি স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭টার মধ্যে জেদ্দায় পৌঁছার কথা। এছাড়াও বিমানের আরও ৪টি ফ্লাইট রোববার জেদ্দার উদ্দেশ্যে হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) হজ কার্যক্রম উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

