সৌদি আরব পৌঁছেছেন ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী

নিউজ ডেস্ক:

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৮৬ ও বেসরকারিভাবে ৬৭ হাজার ৫৫৪ জন।

সোমবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গতকাল রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হজযাত্রীদের মিনা ও আরাফায় নিরবচ্ছিন্ন সেবা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ ও দুই জন নারী। তারা সবাই মক্কায় মারা গেছেন। সবশেষ ১১ জুন মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল মান্নান (৫৯) ।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •