ময়মনসিংহে মরিচের কেজি ৮০০ টাকা
নিউজ ডেস্ক:
কাঁচা মরিচের প্রতি কেজির খুচরা দাম হাঁকা হচ্ছে ৮০০ টাকা! রবিবার সকালে বাকৃবির কে আর মার্কেটে কাঁচা মরিচের দাম শুনে অবাক হন ক্রেতারা। অবশ্য কাঁচা মরিচ ছাড়া অন্য সব সবজির দাম খানিকটা সহনীয় পর্যায়ে রয়েছে।
পাইকারি বাজারে কাঁচা মরিচ কম দামে বিক্রি হলেও দোকান থেকে এক কেজির কম নিলে প্রতি কেজি দাম পড়ছে ৮০০ থেকে ৯০০ টাকা।
খুচরায় ২৫০ গ্রাম কিনলে ২০০ থেকে ২৩০টাকা ও আধা কেজি কিনলে বিক্রেতারা নিচ্ছেন ৪২৫ থেকে ৪৫০টাকা। ১০০ গ্রাম নিলে দাম রাখছেন ৮০ -১০০ টাকা। এতে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ছে ৮০০ টাকা।
অনেকেরই অভিযোগ, বাজারে কোনো তদারকি নেই। যে যেভাবে পারে দাম রাখছে। সাধারণ ক্রেতাদের এখন ত্রাহী অবস্থা। স্থানীয় প্রশাসন বাজার মনিটরিং করলে এই অবস্থা হতো না।
ক্রেতারা বলেন, বাজারে কাঁচা মরিচ কিনতে গিয়ে অবাক হয়েছি। কাঁচা মরিচের দাম ৮০০ টাকা কেজি। কিভাবে একজন গরীব মানুষ সংসার চালাবে। যেখানে আমরা মধ্যবিত্তরাই হিমশিম খাচ্ছি। সেখানে একজন নিন্ম আয়ের মানুষ কিভাবে স্ত্রী-সন্তান নিয়ে খেয়ে পরে বেঁচে থাকবে। সরকারের তদারকি থাকলে এমন হতো না।
বিক্রেতারা বলছেন, ঈদ ও টানা বৃষ্টি এবং বন্যার কারণে জোগান কম হওয়ায় দাম বাড়ছে। বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমে গেছে। ঈদের ছুটি থাকায় বাজারে কাঁচা মরিচ কম এসেছে। তাই দামও বেড়েছে।

