সরকারি চাকরিজীবীদের প্রণোদনার প্রজ্ঞাপন জারি
নিউজ ডেস্ক:
সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা দেয়ার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। তাদেরকে ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা দিতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এক্ষেত্রে চাকরিরতদের জন্য ন্যূনতম এক হাজার ও পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৫০০ টাকা হারে বিশেষ সুবিধা দেয়া হবে।
মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলসমূহের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব- শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিকে ৫ (পাঁচ) শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হলো। এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে দেয়া হবে।
এই আদেশ ১ জুলাই থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

