সারা দেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা
নিউজ ডেস্ক:
৬ দফা দাবি আদায়ে সোমবার (২৪ জুলাই) রাত ১২টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
রোববার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য টোল ফ্রি করা ও নীতিমালা প্রণয়নসহ সংগঠনটি ৬ দফা দাবি জানিয়েছে।
সমিতির সভাপতি গোলাম মোস্তফার সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইভেটকারের মতো অ্যাম্বুলেন্স থেকে বিআরটিএর ট্যাক্স নেওয়া বন্ধ করতে হবে; অতি দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা তৈরি করতে হবে; অ্যাম্বুলেন্সের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে।এর পাশাপাশি দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দেওয়া, অ্যাম্বুলেন্সে রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল ও গ্যাস নেওয়ার সুযোগ দেওয়া এবং সড়কে হয়রানিমুক্ত ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতের দাবিও রয়েছে তাদের।
এ ঘোষণার বিষয়ে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, এসব দাবি পূরণের জন্য আমরা ২০১৭ সাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। কিন্তু এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ কেউ নিচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে আমরা এই কর্মসূচি দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সোমবার মধ্যরাত থেকে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকবে।

